বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জনসভায় নারীদের ঢল

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২০, ২০২৩ ৮:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের আওয়ামীলীগের জনসভায় নারীদের ঢল। বুধবার সকাল থেকেই সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে দলে দলে সভাস্থলে আসতে শুরু করেন মানুষ। যেখানে পুরুষের পাশাপাশি নারীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভাস্থল ও তার আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। পরনে শাড়ি, মাথায় টুপি-স্কার্ফ পরে মিছিলে অংশ নিয়েছেন তারা। এ সময় তাদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নিজ এলাকার আওয়ামী লীগ নেতার নামে স্লোগান দিতে দেখা যায়। নারী কর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস দেখা গেছে।

জনসভায় যোগ দিতে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে এসেছেন ইসরাত জাহান নামের আওয়ামী লীগের এক সমর্থক। তিনি বলেন, দেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়েছে।

জেলা মহিলা লীগের শারমিন আক্তার নামে আরেক নারী নেত্রী জানান, আমরা বিশাল একটি বহর নিয়ে আসছি। মাঠে প্রবেশ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চৌহাট্টা পয়েন্ট থেকে ফিরে দরগাহ গেইট দিয়ে যেতে হচ্ছে। তবে ভালো লাগছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।

প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণায় সিলেটের ১৯টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজ বুধবার প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখতে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।