জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. এ মালিক (৯৪) আর নেই। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সদ্য প্রয়াত ডা. এ মালিক ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: ফজিলাতুন নেছা মালিক , দুই ছেলে যথাক্রমে মাসুদ মালিক ও মনজুর মালিকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী এক নক্ষত্রকে হারালো।
মরহুমের ভ্রাতুষ্পুত্র, সাবেক ব্যাংকার জালাল উদ্দিন তাজ জানান, তার চাচার নামাজে জানাজা আগামীকাল বুধবার সিলেটে তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তবে, সময় নির্ধারণ হয়নি।
অধ্যাপক ডা. আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসবে নির্বাচিত হন। হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪৯ সালেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। ১৯৬৩ সালে সরকার তাকে বিলেতে পাঠায় উচ্চশিক্ষার জন্য। ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
