সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজনগর হাটের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজারের দোহালিয়ার আব্দুল মোনাফের ছেলে মো. টিপু আহমদ (৪২) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।
র্যাব-৯ জানায়, রোববার দিবাগত সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের সাথে থাকা একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
