সিলেটে ২৯০ বস্তা ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার নগরের কালিঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ির ইব্রাহিম শেখের ছেলে মো. হযরত আলী (৪৫) ও খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।
পুলিশ জানায়, বুধবার ভোরে সিলেট নগরের নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট ডিউটিকালে পুলিশ দ্রুতগামী একটি ট্রাককে সংকেত দিলে ট্রাকটি সংকেত অমান্য করে চেকপোষ্টের পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে কালিঘাট এলাকায় আটক করতে সক্ষম হয় ৷ তখন গাড়ির চালককে জিজ্ঞেস করলে ট্রাকে ভারতীয় চিনি আছে বলে জানায়। সেখানে তল্লাশী করে ২৯০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোতে ৫০ কেজি করে সর্বমোট ১৪ হাজার ৫০০ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চিনি উদ্ধার করে জব্দ করা হয়েছে। আর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
