সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে সিলেট মহানগর বিএনপি। বুধবার সন্ধ্যায় নগরের বারুতখানা পয়েন্ট থেকে মশাল মিছিল করে সিলেট মহানগর বিএনপি। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে পৌঁছলে তাৎক্ষণিক পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়তে থাকে। পুলিশের ধাওয়া ও ফাঁকা গুলিতে এসময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন ধরিয়ে মশালগুলো ফেলে পালিয়ে যান। সেখান থেকে ৩ জনকে আটক করে পুলিশ। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোপ্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করলেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
এদিকে এ ঘটনার কিছুক্ষণ পরই মহানগরের জিন্দাবাজারে এক মোটরসাইকেল শোডাউন করে সিলেট জেলা ছাত্রলীগ।
