ভারতীয় রয়েল এনফিল্ড ও মাদকদ্রব্য সহ প্রায় কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
বিজিবি জানায়, গত বুধ ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া, ৩ হাজার ৫৮০ কেজি ভারতীয় চিনি, ১০০ কেজি ভারতীয় নিম্নমানের তাল মিছরি, ১ টি ভারতীয় Royal Enfield মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি বড় টাকা ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।
এছাড়া গত ১-৩ ডিসেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯ টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, ১ টি পালসার মোটরসাইকেল এবং ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
