সিলেট সফরে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মোটরকেডযোগে তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির চলাচল নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সফরসূচি অনুযায়ী, সিলেট সার্কিট হাউসে পৌঁছে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
