শনিবার , ১২ এপ্রিল ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৃথক অভিযানে ৭৯৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক-৫

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৭৯৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯ সিলেট)। শুক্রবার সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার ছবড়িয়ার মৃত কুটি মিয়ার ছেলে মো. মিনু মিয়া (৬০), গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখালের মাহমুদ হোসেনের ছেলে আব্দুল আহাদ (২৫), নরসিংদী জেলার মাধবদী থানার আব্দুস সালামের ছেলে রায়হান মিয়া (৩৪), বেলাবো থানার মৃত আব্দুল মজিদেও ছেলে মো. হারুন অর রশিদ (৪৪) ও নরসিংদী সদরের মৃত তাহের মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, শুক্রবার বিকেলে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ মো. মিনু মিয়া নামে ১ জনকে আটক করা হয়।

ওইদিন রাতে আরেকটি অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন আলীরগাঁও ইউনিয়নের টিকর নয়াখেল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ নামে ১ জনকে আটক করা হয়।

আরেকটি অভিযানে শুক্রবার দিবাগত রাতে একটি প্রাইভেট কারের তেলের ট্যাংকির ভিতরে মাদক পরিবহনকালে সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউপিস্থ ধুপাগুল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০৭ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।