সোমবার , ১৮ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরে সাতসকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঝটিকা মিছিল করেছে ১০/১২ জনের একদল তরুণ। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭ টায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে শ্লোগান দেয়া হয়। এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মিছিল হলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে ১০/১২ জন তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। দরগাহ গেইট থেকে মিছিল শুরু করে চৌহাট্টা আসার আগেই ব্যনার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। শ্লোগান শুনে মিছিলটি ছাত্রলীগের বলে মনে হয়েছে বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলটির ছবি ও ভিডিওচিত্রে ছাত্রলীগের পদদারী বা পরিচিত কোন নেতাকে দেখা যায়নি।

মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিলো- ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না’, ‘গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও লেখা ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘এই সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি’, এমন শ্লোগান প্রদান করেন। তবে সময় সড়কে পুলিশ দেয়া যায়নি। যান চলাচলও ছিলো খুবই কম।

তবে এমন মিছিলের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, এরকম কোন মিছিলের কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।