শুক্রবার , ২২ মে ২০২৬, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ::
মে ২২, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য্য (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্য ইমন আচার্য্যের (২৬) বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি র‌্যাব-৯ এ কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই সময় সাদা পোশাকে থাকা ইমন পুলিশকে সহযোগিতা করতে গেলে ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পি (২২) তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় একটি বাসায় আশ্রয় নেয় সে। সেখান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সদস্যরা আহত ইমনকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রয়েছে। ইমনের পরিবারের সদস্যরা সিলেটের পথে রওনা দিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। এসময় র‌্যাবের সদস্য ইমন বিষয়টি দেখতে পেয়ে সে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরার সাথে সাথে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে বুকের বাম পাশে।

তিনি জানান, পরে অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার পর পরই ছুরিকাঘাতে করে ছিনতাইকারী। ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করায় অতিরিক্ত রক্ত করণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।