শুক্রবার , ৮ আগস্ট ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আটাবের মানববন্ধন: ভোগান্তি কমাতে টিকেট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

সিলেটের সকাল রিপোর্ট:
আগস্ট ৮, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

 

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এ প্রশাসক নিয়োগের প্রতিবাদে এবং টিকেট সিন্ডিকেটকারীদের লাইসেন্স বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে । বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়ে কার্যকর ফল আসেনি। বরং দীর্ঘমেয়াদে প্রশাসক নিযুক্ত থাকায় অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং সদস্যরা ক্ষতিগ্রস্ত হন। আটাবে পূর্বেও কখনো প্রশাসক নিয়োগ হয়নি এবং সাধারণ সদস্যরা এটা চান না। তারা বলেন, নির্বাচিত কমিটির অধীনেই আটাবের কার্যক্রম পরিচালিত হতে হবে- এটাই সদস্যদের দাবি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে প্রশাসক প্রত্যাহার করে নিতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়াই এয়ার টিকিট ব্লক করে কালোবাজারে বিক্রি করছে একটি সিন্ডিকেট, যারা টিকিটের দাম দ্বিগুণ-তিনগুণ বাড়িয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। এই সিন্ডিকেটের সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু জিএসএ এবং হাতে গোনা কয়েকটি ট্রাভেল এজেন্সি সম্পৃক্ত। সরকারের জারি করা পরিপত্র অমান্য করেও এই এজেন্সিগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) পরিচালনায় এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। ফ্লাইট এক্সপার্টের মালিকপক্ষ গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। অথচ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ওটিএ নীতিমালা প্রণয়নের দাবি জানান আটাব সদস্যরা।
মানববন্ধনে আটাব সদস্যদের পক্ষ থেকে, বিগত সরকারের সময় গড়ে ওঠা টিকিট সিন্ডিকেটের অন্যতম হোতা জুম্মন চৌধুরী ও সবুজ মুন্সীর গ্রেপ্তার এবং তাদের এজেন্সি লাইসেন্স বাতিলের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় । মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের আটাব সদস্য বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।