মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ১ আগস্ট থেকে চিরুনি অভিযান, মাদক-চোরাচালানে ‘কোনো ছাড় নয়’: মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ৭, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাইজুড়ে চলবে সচেতনতামূলক কর্মসূচি, ১৯ জুলাই পাথর কোয়ারি নিয়ে আসতে পারে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত

সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান দমনে আগামী ১ আগস্ট থেকে সমন্বিত চিরুনি অভিযান শুরু করবে প্রশাসন। এর আগে পুরো জুলাই মাসজুড়ে সীমান্ত এলাকায় সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সীমান্তে মাদক কিংবা চোরাচালানের সঙ্গে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (৬ জুলাই) বিকেলে সিলেটের জৈন্তাপুরে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে প্রশাসনের চোখের সামনে কোনো চোরাচালানের পণ্য প্রবেশ বা বের হওয়া মেনে নেওয়া হবে না। থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রশাসনের নাকের ডগা দিয়ে গরু-মহিষ বা অন্য কোনো চোরাই পণ্য সীমান্ত অতিক্রম করলে সংশ্লিষ্ট ওসি ও ইউএনওকেও জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরিফুল হক চৌধুরী জানান, জুলাই মাসজুড়ে সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-ওলামা, মুরুব্বি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হবে। এরপর ১ আগস্ট থেকে প্রশাসনের সমন্বয়ে শুরু হবে বিশেষ চিরুনি অভিযান।

তার ভাষায়, শুধু প্রশাসনিক অভিযান দিয়ে চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক প্রতিরোধও সমান গুরুত্বপূর্ণ।

সিলেটের পাথর কোয়ারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত আগামী ১৯ জুলাই জানা যেতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী বৈধ ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুমতি দিয়ে বালু ও পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ সুবিধা না দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও নির্বিঘ্নে দেশে ফিরতে পারবেন এবং নিজ এলাকায় বিনিয়োগে উৎসাহিত হবেন। এতে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মতবিনিময় সভায় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।