বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর ছাত্রদল সম্পাদক আফসানকে বিএনপির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক ::
জুন ৪, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

দলীয় শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানকে তীব্র অসন্তোষ প্রকাশ করে কঠোর সতর্কবার্তা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত রবিবার (৩১ মে) বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। দলের সিনিয়র ও দায়িত্বশীল নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান। একপর্যায়ে তিনি মঞ্চে ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক আচরণ শুরু করেন।

মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, প্রকাশ্য সভায় সিনিয়র নেতাদের সামনে এ ধরনের আচরণ শুধু দলের ভাবমূর্তিই বিনষ্ট করেনি, বরং তা সরাসরি দলীয় শৃঙ্খলার চরম পরিপন্থি।

চিঠিতে ছাত্রদল নেতা আফসানকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “ভবিষ্যতে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়, তবে দলের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে সিলেট মহানগর বিএনপি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।