সোমবার , ১৭ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রশিদ আহমদ (২৮) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে উত্তেজিত জনতা হামলাকারী সাজু, রাজুদের বসত ঘর আগুনে পুড়িয়ে দিয়েছেন। এসময় গুরুতর আহত হয়ে প্রবাসী রশিদ আহমদের বড় ভাই রাজা মিয়া (৩৫) সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জানা যায়, ৫ দিন পূর্বে খালপাড় গ্রামের মৃত আনা মিয়ার ছেলে প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি একই গ্রামের মনির আহমদের ছেলে সালেহ আহমদের বাচ্চাদের সাথে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের ছেলে রাজু আহমদ ও সাজু আহমদের পরিবারের বাচ্চাদের সাথে ঝগড়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মুরব্বীয়ারা বসে দু’পক্ষকে নিয়ে আপোষে মীমাংসা করে দেন।

কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তার ছেলেরা সালিশ বিচার না মেনে রোববার রাত সাড়ে ১২টার দিকে সালেহ আহমদের বসত ঘরে গিয়ে তাকে বেঁধে মারপিট শুরু করেন।

খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতার প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় রাজুরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মৃত্যুবরণ করেন।

এদিকে প্রবাসী রশিদ আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের উত্তেজিত লোকজন সোমবার দুপুর ১২টার দিকে হত্যাকারী রাজুদের বসতঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনীদের আটক করতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।