দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের। তবে ভোট দিয়েছেন ৩৪৩ জন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য (এমপি) ভোট দিতে পারেননি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, মোট ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহার হয়েছে। ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল। ব্যবহৃত ব্যালটের সবগুলোই বৈধ ছিল।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ওসমান ফারুক ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
এ ছাড়া জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, লন্ডনে সফররত সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করার পর সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে হাত মেলান নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে অভিনন্দন জানান। অন্য সংসদ সদস্যরাও মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।
নির্বাচনের পরদিন শুক্রবার (২১ আগস্ট) নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
