মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার, যা আজ থেকে কার্যকরের কথা ছিল। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।
ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা আবেদন করেছিলেন, ‘আমরা যাতে অন্তত সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিই। যদিও ক্যাবিনেট মিটিংয়ে (মন্ত্রিসভার বৈঠক) সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় নিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।’
জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবন–জীবিকার কথা বিবেচনা করেই এ সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
