মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে কৃষক তালেব মিয়া (৪০) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় রাজনগরের কামারচাক ইউনিয়নে খোলা মাঠে বোরো ধান কাটার কাজ করছিলেন কৃষক তালেব মিয়া। হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময়ে কমলগঞ্জ উপজেলার একটি রাবার বাগানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন চা-শ্রমিক স্বপন মুন্ডা। তিনিও ঘটনাস্থলেই প্রাণ হারান।
পৃথক এই দুটি ঘটনায় দুই উপজেলার সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুপুরের এই আকস্মিক দুর্যোগে দুই শ্রমজীবী মানুষের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
