বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৭

মানুষ অগ্নিসন্ত্রাসদের প্রত্যাখ্যান করেছে: শেখ হাসিনা

সিলেটের সকাল রিপোর্ট ::
ডিসেম্বর ২০, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে সন্ত্রাসী ও জঙ্গিবাদি কাজ করছে, আর সাধারণ মানুষ এ অগ্নিসন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার ( ২০ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে না এসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী ও জঙ্গিবাদি কাজ। আগুন দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এটা জনগণের সম্পত্তি। এগুলো করছে বিএনপি-জামায়াত জোট। বিএনপির একটাই কাজ মানুষ পুড়িয়ে মারা।

প্রধানমন্ত্রী বলেন, তারা ট্রেনে আগুন দিল, মা-সন্তানকে পুড়িয়ে মারলো। এর চেয়ে কষ্টের কি হতে পারে? কি করে তারা মানুষ হত্যা করে। পুলিশ, সাংবাদিক, বিচারক, সাধারণ জনগণের ওপর হামলা করে। এটা কি ধরণের আন্দোলন। একজন লন্ডন বসে হুকুম দেয়। আর দেশে তার কিছু চ্যালা আছে আগুন দেয়। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, আগুন দিয়ে পুড়িয়ে বা রেল লাইন উপড়ে মা ও শিশুদের হত্যা বা অসহায় মানুষকে হত্যা করা- এ কেমন রাজনীতি। বাংলার মানুষ এমন হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচন চায়, ভোট উৎসব চায়।

তিনি বলেন, তারা মানুষ হত্যার রাজনীতির মাধ্যমে ভিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু ২০১৩ ও ২০১৪ সালে তাদের এমন রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০১৮ সালেও তারা প্রত্যাখ্যাত হয়েছে|

তিনি বলেন, আমার একটাই কথা, আওয়ামী লীগ সরকারে আসলে জনগণের কল্যাণ হয়। ২০০৯-২০১৮ সালে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। প্রত্যেক মানুষকে মৌলিক চাহিদা দিতে পেরেছি। আজকে সিলেটে এসেছি, এই জেলায় কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নেই। প্রত্যেকটি মানুষকে ঘর করে দিয়েছি। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি। বাকিগুলো অচিরেই পূরণ করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজকের জনসভার মধ্য দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করেছি। জনসভা আরও কয়েকটি জেলায় হবে। কয়েকটি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমেও বক্তব্য দেয়া হবে।

তিনি আরও বলেন, ভোট জনগনের অধিকার। ভোটে বা নির্বাচনে কেউ বাধা দিলে জনগন তাদের উৎখাত করবে। অগ্নি-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।