সোমবার , ১৮ মে ২০২৬, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৯
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতের ঝড়ে ভেঙে পড়ল যাদুকাটা সেতুর ৫টি গার্ডার

সুনামগঞ্জ প্রতিনিধি ::
মে ১৮, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন–অদৈত্ব মৈত্রী সেতুর পাঁচটি গার্ডার ভেঙে পড়েছে। রোববার দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ের কারণে এ ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

উপজেলা প্রশাসনের প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সরেজমিনে গিয়ে তিনি দেখতে পান সেতুটির পাঁচটি গার্ডার নদীতে পড়ে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি প্রাথমিকভাবে ঝড়কে ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেন।

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সেতুটিতে এমন ঘটনায় এর অগ্রগতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে জনমনে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ধরনের প্রাকৃতিক ঘটনায় সেতুর গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি নির্মাণাধীন অবস্থায় থাকায় এলাকাবাসী ভোগান্তিতে রয়েছেন। তার মতে, সেতুটি সম্পূর্ণ হলে এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক অবস্থায় বড় পরিবর্তন আসত। তিনি দ্রুত নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, সেতুর অসমাপ্ত কাজ শেষ করতে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে নতুন করে গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো প্রকল্প নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। দফায় দফায় সময় বাড়ানো হলেও কাজ এখনো সম্পূর্ণ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।