সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ‘শুটার’ আনসার ও তার সহযোগী নাঈমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। আজ বুধবার (৬ নভেম্বর) ভোরে সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের মেজরটিলার সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)। ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯। সে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্য হেলমেট পরে অস্ত্র নিয়ে শুট করেছে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ বুধবার ভোর সাড়ে ৪টায় সিলেট জেলার ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুরের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে (এসএমপি, সিলেটের শাহপরান থানার এফআইআর নং-১৫/২১২, তারিখঃ ২৮ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামী দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে এসএমপি সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
