বিয়ানীবাজার থানার অভিযানে হত্যা মামলার মূল আসামী বিদেশে পালানোর সময় ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে গ্রেফতারকৃত এনায়েত হোসেন (৩৮) আঙ্গুরা মোহাম্মদপুরের আব্দুস শহিদের পুত্র। সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২ জুন জায়গার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিবেশী জয়নুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত জয়নুল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এনায়েত হোসেনকে প্রধান আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এর পর থেকে আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় বিয়ানীবাজার থানা পুলিশ।
এর অংশ হিসেবে সোমবার রাত ৩টার দিকে বিয়ানীবাজার থানার এসআই অঞ্জন কুমার দেব, এএসআই মৃদুল কান্তি দাস সঙ্গীয় ফোর্সসহ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিদেশে পালানোর সময় এনায়েত হোসেনকে গ্রেফতার করেন।
