সোমবার , ৩ আগস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪১
আজকের সর্বশেষ সবখবর

বামসাসের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৩, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণিজন সম্মাননা অনুষ্ঠান গত ৩১ জুলাই শুক্রবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বামসাস সভাপতি বাংলা একাডেমির ফেলো, গবেষক-কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘গুণিজনদের যোগ্য সম্মান-শ্রদ্ধা জানানোর জাতির অন্যতম কর্তব্য। তঁাদের সম্মান জানানোর মাধ্যমে জাতি তার প্রকৃত ইতিহাস, ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করেন। যা একটি জাতিকে আরোও আলোকিত করতে পারে।’
বামসাসের সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর ও নীহার রঞ্জন শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বাংলাদেশে বামসাস ধারাবাহিকভাবে যেভাবে গুণিজনদের সম্মাননা জানানোর অনুষ্ঠান আয়োজন করছে, তা প্রশংসনীয়।

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ প্রতি বছর সমাজে বিশেষ অবদানের জন্য নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, মণিপুরী গুণি ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে। তার ধারাবাহিকতায় এ বছর গুণিজন সম্মাননা প্রদান করা হলো বিশিষ্ট সমাজসেবী, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কোংখাম নীলমণি সিংহ, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, বিশিষ্ট চিকিৎসক ডা. অরুণ কুমার শর্মা এবং বিশিষ্ট লেখক ও গবেষক হাজি মো. আবদুস সামাদকে। এছাড়া বাংলাদেশের ব্যাডমিন্টনকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অনন্য অবদান রাখা প্রতিভাবান তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় গৌরব সিংহ গগনকে ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। সংবর্ধিত গুণিজনরা তঁাদের এ অবস্থানে আসার পথ যে সবসময় মসৃণ ছিলনা, তা উল্লেখ করে বিশেষ করে মণিপুরী তরুণ প্রজন্মকে শিক্ষা-দীক্ষা, ক্রীড়ায় এগিয়ে এসে জাতি ও দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান। সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামসাসের সহ-সভাপতি প্রশান্ত কুমার সিংহ, ভাষ্কর সম্পাদক কবি পুলিন রায়, পাঙাল সাহিত্য সংসদের সভাপতি কবি সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ মণিপুরী যুব সমিতির সভাপতি লোংজম নীহার সিংহ, কবি নুরুল হক, কবি শহিদুল ইসলাম লিটন, বামসাস কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবি হামোম প্রবিত, ইতিহাস গবেষক মো. আসিফ আজহার প্রমুখ।
গুণিজন এবং অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান কেএইচ সমেন্দ্র সিংহ, পি. মিনতী দেবী, কবি থোকচোম ওঙবী কৈনাহন দেবী, কবি রওশন আরা বাশি, অপর্ণা রানী সিনহা। অনুষ্ঠানে সংবর্ধিত চারজন গুণির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আহেন নামব্রম, নিরুপমা শর্মা রশ্মি, বিবেক আনন্দ সিংহ এবং মাইবম লৈনা।
গুণিজন সম্মাননা উপলক্ষে বামসাসের অনিয়মিত সংকলন মৈরা’র ৬৭তম বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।