সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাজানো হয়েছে পুরো নগরকে। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে শুরু করে সিলেট নগরের প্রতিটি পয়েন্টকে সাজানো হয়েছে। করা হয়েছে রাস্তা মেরামত, লাগানো হয়েছে রাস্তার মধ্যিখানে বিভিন্নধরনের লাইট। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে এ জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সিলেটে নির্মাণ করা হচ্ছে জনসভা মঞ্চ। যেখানে বিলবোর্ড, ফেস্টুন কিছুই নেই। ছাপানো হয়নি দলীয় প্রধানের সিলেট সফর উপলক্ষে রঙিন পোস্টারও।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাটি বুধবার বেলা ২ টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনের মুহূর্তে এটি সিলেট বিভাগের একমাত্র জনসভা, যেখানে দলের প্রধান শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।
এর আগে দলটির সভানেত্রী সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমাদের সবধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের কড়া নজরদারি থাকবে।
জনসভা মঞ্চে সিলেট বিভাগের ১৮ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থীরা উপস্থিত থাকবেন। জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হবিগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির প্রার্থীও জনসভা মঞ্চে থাকবেন বলে জানা গেছে। ইতিমধ্যে প্রার্থীদের নির্দিষ্টসংখ্যক লোক সমাগম করার নির্দেশনা দেওয়া আছে। পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও কর্মী-সমর্থকদের নিয়ে জনসভায় হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় নেতারা এসে মাঠ পরিদর্শন করেছেন। এই জনসভা দলের নেতাকর্মীসহ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়বে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সব প্রস্তুতি শেষ। এখন শুধু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায়। এই জনসভায় লাখ লাখ মানুষের জনসমাগম ঘটবে। প্রধানমন্ত্রীর এই জনসভার মধ্য দিয়ে দলের নেতাকর্মীসহ ভোটারদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ বাড়বে।
