রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৩ দফার দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচী আগামী রোববার সকাল ১২টায় পালনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এক জরুরি সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর সাড়া না পেয়ে ৫ ফেব্রুয়ারি চন্ডিপুল এলাকায় এক বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন মালিক-শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিল সহকারে বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ৭০৭ এর সভাপতি মো. জাকারিয়া আহমেদ।
