নগরীতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। যে কোন ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ৬ থানার ওসিদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম এ ঘোষণা দিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার রাতে এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) ফেসবুক পেজে স্ট্যাটাস দেয়া হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকতে এসএমপি কমিশনার নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুমের ০১৩২০০৬৯৯৯৮ এই নম্বরে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে বলা হয়।
