শনিবার , ২৬ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে আটক ৯ জনের ২ বছরের কারাদণ্ড

ফখর উদ্দিন
এপ্রিল ২৬, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এসময় ২০টি নৌকা ধ্বংস ও ১৮টি নৌকা জব্দ করে বিজিবির জিম্মায় দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে মকবুল হোসেন, দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের ছেলে ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের আব্দুল রমিধের ছেলে ইকবাল মাহমুদ, মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকরশ গ্রামের মৃত রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের ছেলে আলী নূর এবং কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোহাম্মদ জজ মিয়া।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এলাকায় অবাধে পাথর লুটপাট চলছে। পাহাড়ি ঢলের সুযোগ নিয়ে গত বুধবার সকাল থেকে লুটকারীদের নজর পড়ে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরের ওপর। বারকি নৌকা ব্যবহার করে প্রকাশ্যে পাথর লুটপাট চলছে ওইদিন থেকে। যার ফলে হুমকির মুখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সাদা পাথর পর্যটনকেন্দ্র।

এর আগে গত আট মাস ধরে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) সংরক্ষিত এলাকায় দিনে-রাতে বালু-পাথর ও মেশিনারি পার্টসের মালামাল লুটপাট চলছিল। প্রায় ৩০-৪০টি সেইভ মেশিন ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হচ্ছিল। এসব মেশিন ও নৌকা থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। পরে শনিবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারের নেতৃত্বে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর এসময় ২০টি নৌকা ধ্বংস ও ১৮টি নৌকা জব্দ করে বিজিবির জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, ধলাই নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে শনিবার ভোর থেকে অভিযান চালানো হয়। সেখানে ৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। লুটপাটের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।