বুধবার , ১৩ মে ২০২৬, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৫

দেশে শীর্ষ ১০ রোগের তালিকায় এক নম্বরে উচ্চ রক্তচাপ: টেকসই অর্থায়নের দাবি বিশেষজ্ঞদের

সিলেটের সকাল ডেস্ক ::
মে ১৩, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে বর্তমানে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। তবে টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, যার ফলে দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষাপটে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ।

আগামী ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান)।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় আয়োজিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল—“কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার”।

আলোচনা সভায় জানানো হয় যে, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ।

ডব্লিউএইচও’র ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ জন মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর ৫২ শতাংশের জন্য সরাসরি দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বজুড়ে প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সব সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি।

উচ্চ রক্তচাপ মোকাবিলায় তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু হলেও পর্যাপ্ত বাজেটের অভাবে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ এনামুল হক বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম জানান, ওষুধ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী মন্তব্য করেন যে, বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত হলে উচ্চ রক্তচাপজনিত অকাল মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল এই খাতে অর্থায়নকে একটি ‘কার্যকর বিনিয়োগ’ হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন।

চ্যানেল আই এর চীফ নিউজ এডিটর মীর মাশরুর জামান রনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. গীতা রানী দেবী, বারডেম হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন্নাহার নাহিদ এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

অনুষ্ঠানে মূল উপস্থাপনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল এবং সভাপতিত্ব করেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।