শনিবার , ২৩ মে ২০২৬, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৮
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে পারিবারিক বিরোধে স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

গোলাপগঞ্জ প্রতিনিধি ::
মে ২৩, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ফাহমিদা আক্তার মোহনা (২৫) নামের এক গৃহবধূকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফাহমিদা আক্তার মোহনা এক সন্তানের জননী ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম পলাতক রয়েছেন। জাহিদুল ওই গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পারিবারিক কোনো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জাহিদুল ইসলাম উত্তেজিত হয়ে ঘরে থাকা লোহার শাবল দিয়ে স্ত্রী ফাহমিদার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ফাহমিদা প্রাণ হারান।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত জাহিদুল ইসলাম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে। পাশাপাশি অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।