সিলেটের গোয়াইনঘাটে জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে এই ঘটনা ঘটে।
আব্দুল মালিক উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি (দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষে যান। সেখানে হঠাৎ ট্রাক্টর উল্টে তিনি তার নিচে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টর উল্টে দুর্ঘটনার শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার সুরতাহল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করেছি।
