বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে পদ্মা-যমুনায়

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ১৬, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যেই সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এসব নদী বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাসের সই করা প্রধান অববাহিকা ও জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও রংপুর বিভাগ এবং ভারতের মেঘালয় ও আসামে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশ ও উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত এবং তৃতীয় দিনে সিলেট বিভাগ ও সংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় রয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং কুশিয়ারা নদীর শেরপুর (মৌলভীবাজার) স্টেশন সতর্কসীমায় রয়েছে। আগামী তিন দিনে সুরমা-কুশিয়ারার পানি কমতে পারে। এতে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচে থাকবে। রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কমছে। তবে তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর স্টেশন সতর্কসীমায় রয়েছে। রাজশাহী অঞ্চলে আত্রাই নদীর আত্রাই স্টেশন এবং ছোট যমুনা নদীর নওগাঁ স্টেশনও সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

এদিকে ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিনে নদীটির পানি কমতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। মনু নদীর মৌলভীবাজার এবং ধনু নদীর খালিয়াজুরি স্টেশন সতর্কসীমায় রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, গোমতী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি কমছে। উপকূলীয় অঞ্চলে আগামী তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।