গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মোট ৫০০ জন অস্বচ্ছল ইমাম, মুয়াজ্জিন ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুই উপজেলার সুবিধাভোগীদের মধ্যে ২ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকা ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান সরকারের এই বিশেষ তহবিল থেকে প্রাপ্ত অর্থ এবার তাঁর নির্বাচনী এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে বরাদ্দের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, বিগত ঈদেও তিনি এই তহবিল থেকে প্রাপ্ত ১০ লক্ষ টাকা এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করেছিলেন।
আজ সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জকিগঞ্জের ২৫০ জন ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ ৫ লক্ষ টাকা তুলে দেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাসুদুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন। বিগত রমজানেও তিনি খতীব, ইমাম ও মুয়াজ্জিন সাহেবানকে সম্মানী প্রদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় এই ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সিলেট-৫ আসনের ইমাম সাহেবানের মধ্য থেকে বাছাই করে ৫০০ পরিবারের কাছে আমরা এই উপহার তুলে দিচ্ছি।”
তিনি আরও বলেন, “সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও ইমাম সাহেবান অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়া মানুষ। ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই সামান্য উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটবাসীর প্রতি বিশেষ ভালোবাসার কারণে তিনি একাধিকবার সিলেট সফর করেছেন। ইতিমধ্যে কানাইঘাটের বুরহান উদ্দিন রোডের টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আমাদের শেওলা-জকিগঞ্জ রোডেরও টেন্ডার হবে। বর্তমান সরকারের মাত্র তিন মাস বয়সের মধ্যে এই উন্নয়ন অগ্রযাত্রা সত্যিই প্রশংসনীয়।”
জকিগঞ্জের এই অর্থ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম— সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ হেলাল, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সিলেট জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল এবং জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দীন প্রমুখ।
এদিকে, একই দিনে কানাইঘাট উপজেলাতেও বাকি ২৫০ জন অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ২ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা ঈদ উপহার বিতরণ করা হয়। কানাইঘাটের এই অনুষ্ঠানে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের পক্ষে তাঁর মনোনীত প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপহারের অর্থ বিতরণ সম্পন্ন করেন।
