বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি -২০২) সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রাবিরতি করবে ।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো: শাহনেওয়াজ মজুমদার জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন ) ওই ফ্লাইট দেশের পথে যাত্রা করবে। বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টার যাত্রা বিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে বিমানটির ঢাকার পথে উড্ডয়ন করবে। বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণের প্রস্তাব দিয়েছিল বিমান। কি ন্তু, যাত্রীদের কষ্টের কথা ভেবে বেগম খালেদা জিয়া বিমানের এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে বিমানটি যথারীতি সিলেটে ট্রানজিট দিয়ে ঢাকায় যাবে বলে জানান এ বিমান কর্মকর্তা।
মিডিয়ার সাথে আলাপকালে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, সঙ্গে উনার দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আসার কথা রয়েছে।’
