রবিবার , ৩১ মে ২০২৬, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪০
আজকের সর্বশেষ সবখবর

এবছর সাড়ে ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::
মে ৩১, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চলতি মৌসুমে দেশে প্রায় ৫৬ লাখ ৫০ হাজারের বেশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে এখনও আরও কিছু চামড়া সংরক্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে নগরীর শহীদ সুলেমান হলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চামড়া বিপণন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরবর্তী ধাপে যারা চামড়া কিনবেন, তাদের ক্রয় প্রক্রিয়ায় ধীরগতি দেখা দিলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে।

তিনি বলেন, ‘চামড়া সংরক্ষণ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাওয়াটা ভালো লক্ষণ নয়। একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, তাতে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট।’

চামড়া খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশের বিভাগীয় শহরগুলোতে আধুনিক স্লটার হাউজ নির্মাণ করা হবে। এসব স্লটার হাউজে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস প্রক্রিয়াজাত করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে এবং তুলনামূলক কম খরচে।

তিনি বলেন, এই ব্যবস্থা চালু হলে জবাইকৃত পশুর চামড়া শতভাগ সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে শহরাঞ্চলে কোরবানির পশু জবাইজনিত বর্জ্য ও পরিবেশ দূষণের সমস্যাও অনেকাংশে কমে আসবে।

মন্ত্রী আরও বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের সময় যেসব প্রতিষ্ঠান ঝরে পড়েছে বা পুনরায় কার্যক্রম শুরু করতে পারেনি, তাদের মধ্যে সক্ষম ও সম্ভাবনাময় ট্যানারিগুলোকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনে এসব প্রতিষ্ঠানকে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সভায় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।