বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের ১৯০ জনসহ কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
অপরদিকে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জনের পদোন্নতির আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে ওই পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।
