দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমানবন্দরের একজন কর্মকর্তা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে প্রথমে ৭ কিলোমিটার দূরবর্তী হযরত শাহজালাল(র.) মাজারে এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। বেলা ২টায় তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিলেটকে নিরাপত্তার চাদের ঢাকা হয়েছে। নগরীরে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার কার্যক্রম শুরু হয়েছে। দলের নেতা-কর্মীদের মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিতে দেখা গেছে।
