# মনোনয়ন প্রত্যাহার করলেন মিসবাহ সিরাজ
প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের তিনবারের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি সিলেট-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) তিনি রিটার্নিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
জানা গেছে, স্ত্রী ফারজানা মিসবাহকে সঙ্গে নিয়ে সিলেট জেলা প্রশাসনে আসেন মিসবাহ উদ্দিন সিরাজ। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।এ সময় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তার সাথে ছিলেন।
মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিয়ে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছি। কিন্তু নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজের বিবেকের কাছে ধরা খেয়ে গেছি। ব্যক্তি স্বার্থে আমি দাঁড়িয়ে যদি জিতেও যাই, তবে তো নৌকাকে হারিয়ে জিততে হবে। তাই নৌকার বিপক্ষে জিতে এমপি হতে চাই না। দিনরাত এই চিন্তায় আমার ঘুম হয় না।তাই সিদ্ধান্ত নিয়েছি প্রত্যাহারের।
শুভাকাঙ্ক্ষী যারা আমাকে যারা সমর্থন দিয়েছেন। ভোটারদের যারা প্রার্থিতার জন্য স্বাক্ষর দিয়েছেন সবার প্রতি সারাজীবন কৃতজ্ঞতা ও ঋণের বন্ধনে আবদ্ধ থেকে গেলাম। আমি আজীবন নৌকার জন্য কাজ করে যাবো। নৌকাকে জেতাতে নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি।
