৬টি ককটেলসহ সিলেট মহানগর ছাত্রদলের সেক্রেটারি ফজলে রাব্বী আহসানসহ ৪ জনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। সিলেট কতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সুমন কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করেছিল। ওই ছাত্রদল নেতাদের বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি। রাব্বি ছাড়া বাকিদের নাম জানা যায়নি।
এদিকে, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে এক বিবৃতিতে ছাত্রদল সেক্রেটারিকে গ্রেফতারের নিন্দা জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, হরতাল অবরোধের নামে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারী অব্যাহত থাকবে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, আইনশৃংখলা নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
