সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মোঃ আতাউস সাত্তারের গ্রামের বাড়ি মাওলানা আব্দুল মজিদ কমপ্লেক্সে গত ১৩ নভেম্বর সোমবার রাতে লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী প্রবাসি মোঃ আতাউস সাত্তারের ছোট ভাই মোঃ হাবিবুল্লাহ জানান, রাত আনুমানিক তিনটার দিকে আমরা ঘুমিয়েছিলাম হঠাৎ একদল সন্ত্রাসী অস্ত্র সহ বাড়ির গেট টপকিয়ে ভিতরে ঢোকে এবং ঘরের স্টিলের দরজা কেটে ভিতরে প্রবেশ করে। শব্দ শোনে আমরা জেগে উঠি। ততক্ষণে কয়েকজন আমাদের একটি রুমে আটকে ফেলে এবং নগদ এক লক্ষ টাকা, স্বর্ণালংকার, মোবাইলফোন সহ আনুমানিক ৫ লাখ থেকে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন জিনিস ভাঙচুর করে। তারা বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিল এবং মুখোশধারী ছিল। সন্ত্রাসীরা আমার ভাই মোঃ আতাউস সাত্তার কে খুঁজতেছিল এবং মনে করেছিল তিনি বাড়িতে আছেন। পরে যখন বলি সে বিদেশে আছে তখন তারা আমাকে মারধর করে। এক পর্যায়ে আশেপাশের মানুষ যখন আমাদের চিৎকার শুনে জড়ো হতে থাকে তখন তারা চলে যায়।
প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুর রাজ্জাক (২২) জানান আমরা শব্দ শুনে এসে দেখি সন্ত্রাসীরা লুটপাট করে চলে গেছে। আরেক প্রত্যক্ষদর্শী আক্কাস আলী (৫৫) বলেন, রাতে হঠাৎ চিৎকারের শব্দ শুনে এসে দেখি সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।
এবিষয়ে প্রবাসীর ছোট ভাই মো. হাবিবুল্লাহ বিশ্বম্ভরপুর থানায় একটি জিডি করেছেন।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ভুক্তভোগী পরিবারকে জানিয়েছে, এটি একটি চুরির ঘটনা হতে পারে। তদন্ত করে বিষয়টি পুলিশ দেখবে বলে আতাউস সাত্তারের পরিবারকে জানান তিনি।
