শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিয়মিত রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করা হচ্ছে।
পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে বলেও জানিয়েছেন তারা।
রোববার এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া শাখা থেকে আরও জানানো হয়, বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য র্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাব-৯ কর্তৃক উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলেও জানানো হয়।
