মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৯
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৩ ঘন্টা ধরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার দাবিতে সাড়ে ৩ ঘন্টা যাবৎ সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে গোলাপগঞ্জ পৌর শহরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন বাস ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস চালক শ্রমিকরা। পরে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে বিকেল ৩টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দরা। সাড়ে ৩ ঘন্টা ধরে সড়ক অবরোধের কারণে দুদিকে অনেক গাড়ি আটকা পড়ে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজন ব্যক্তিকে আমাদের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর ২ অক্টোবর আহত ওই ব্যাক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, ওই ব্যাক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যাক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের আবেদন করে। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু নানা অজুহাতে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন। সোমবার ওসি জানান তিনি সাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ঐ দুর্ঘটনার পর শ্রমিক নেতারা জানান লাশটি তারা ময়নাতদন্ত ছাড়া দাফন করবে। তখন আমি জানাই যে লাশটি নেওয়ার জন্য তার নিকটাত্মীয় কারও স্বাক্ষর লাগবে। তখন তারা চায় তারাই নিয়ে নিবে। এতে করে ভুল বুঝাবুঝি হয়৷ যার কারণে তারা সড়ক অবরোধ করে৷ পরে সার্কেল স্যারের অফিসে তারা আজ আসলে এর সমাধান হয় আর তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।