মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের আজ রোববার কার্যক্রম এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ আছে। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর এ গোলযোগ দেখা দিলে সোয়া পাঁচটার দিকে অধিবেশন স্থগিত রাখার ঘোষণা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার কানে কিছু শোনা যাচ্ছে না। এ সময় আরও কয়েকজন বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক এর রিপোর্ট উপস্থাপন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ দাঁড়ান।
এ সময় তাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেহেতু কিছু শোনা যাচ্ছে না তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি।’ পরে আবার স্পিকার বলেন, ‘মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।’
সোয়া ছয়টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিবেশন শুরু হয়নি। কারিগরি ত্রুটি ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে টেকনিশিয়ানদের। এ সময় সংসদ টেলিভিশনের স্ক্রলে জানানো হয় সাড়ে ছয়টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি রাখা হয়েছে।
