সোমবার , ১৯ জুন ২০২৩, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, বৃষ্টিস্নাত দিনে নগর জুড়ে মিছিল-সমাবেশ

ডেস্ক রিপোর্ট
জুন ১৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র ১ দিন পরই সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ভোটগ্রহণ। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে নির্বাচনের সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হচ্ছে। আজ শেষ দিন হিসেবে নির্বাচনী প্রচারণা জমজমাট থাকার কথা থাকলেও টানা বৃষ্টিতে বাগড়া পড়েছে। তবে বিকেলে বৃষ্টি কম থাকায় তারা মিছিল-সমাবেশে তা পুষিয়ে নিচ্ছেন।

সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন। ইতোমধ্যে নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম। এর মধ্যে জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণায় সরব নয়। অন্যদের প্রচারণা নেই বললেই চলে। ভোটের মাঠে এখন বেশ সরব আনোয়ারুজ্জামান ও বাবুল। এই দুই প্রার্থীর মধ্যেই হবে লড়াই।

অপরদিকে কাউন্সিলর পদে ৩৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলাল আহমদ জানান, তিনি এরই মধ্যে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। শেষ মুহূর্তে মুরব্বিরা কাজ করছেন। তারা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। বৃষ্টি বাধা দিলেও কাজ থেমে নেই বলে জানান তিনি।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে পোস্টার ছিড়ে গেছে। নির্বাচনী সেই আবহ নেই রাস্তাঘাটে। এছাড়া বৃষ্টির জন্য অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, গত কয়দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবুও আমাদের প্রচারণা থেমে নেই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অবস্থান করছেন। আওয়ামী লীগ নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছে।

জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। সাধারণ মানুষ নৌকার কর্মী সমর্থকদের উপর খুবই বিরক্ত। তারা বিকল্প চায়। আর বিকল্প হিসেবে লাঙ্গলই তাদের পছন্দ। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের বলেন, নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ভোট গ্রহণের সরঞ্জামাদি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে নামবে আজ রাত থেকে। মধ্য রাত থেকে সকল প্রচার প্রচারণাও বন্ধ হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তফসিল অনুযায়ী আগামী ২১ জুন বুধবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগে ২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।