কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেতে জোর লবিং শুরু করেছেন ইউনিয়ন জামাত নেতার ছেলে ও শিবির কর্মী এবাদুর রহমান সুমন। সে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগামের মাস্টার দৌলতুর রহমানের ছেলে। মাস্টার দৌলতুর রহমান ইউনিয়ন জামায়াতের রুকন। সুমন একসময় ছাত্রদল করলেও পরে বাবার পরামর্শে তার আদর্শে আদর্শিত হয়ে ছাত্র শিবিরে যোগ দেয়। পরে ছাত্র শিবিরের কর্মী হওয়ার বেশ কিছুদিন পরে ছাত্রলীগের রাজনীতিতে অনুপ্রবেশ করে বলে জানা যায়।
গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুমনের একটি ছবি ভাইরাল হলে এলাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিমের ধানের শীষ মার্কা গেঞ্জি পরে প্রচারণা করতে। তবে সে এসবের তোয়াক্কা না করে উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবী পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছে। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সাথে ও তার গ্রুপের অন্যান্যদের সাথে বেশকিছু ছবি তার ফেসবুকে পোস্ট করতে দেখা যায়।

গতবছরের ২৮শে মে সুমনের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অপমান করে ফেসবুকের একটি মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে মুহুর্তেই এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। সেই সময় ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে দায় সারে সুমন। তবে তার ঘনিষ্ঠজনেরা জানান সে নিজেই এই মেসেজটি একজনকে ভয় দেখানোর জন্য দিয়েছিল বলে সে পরবর্তীতে স্বীকার করে।
এবিষয়ে সুমন বলেন, আমি ছাত্রলীগের নতুন পদবী পেতে যাচ্ছি বলে অনেকে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। বেশকিছুদিন ধরেই তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আমাকে ইসলামবিরোধী ও বানিয়েছিল। জেলা সেক্রেটারি রাহেল ভাইয়ের মাধ্যমে আমি থানায় মামলা করি তখন।
এবিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বারবার ফোন দিলেও তারা ফোন ধরেন নি।
