সিলেটে ডেঙ্গু সংক্রমণে কৃষ্ণ দাস নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে সিলেট ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে আটজন নতুন রোগী সনাক্ত হয়েছেন। তার মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুইজন, মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন নিশ্চিত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিভাগের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে মোট ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে সর্বোচ্চ ছয়জন রোগী চিকিৎসাধীন আছেন।
জানুয়ারি মাসের শুরু থেকে সিলেট বিভাগে মোট ২৩৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ১০৮ জন, মৌলভীবাজারে ৫২ জন, সুনামগঞ্জে এবং সিলেটে যথাক্রমে ২৪ জন ও ৪৬ জন নিশ্চিত হয়েছেন। বিভাগব্যাপী এ পর্যন্ত দুইজনের মৃত্য হয়েছে।
