রবিবার , ২৩ আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

৬ লাখ টাকার বইমেলায় ‘পৃষ্ঠপোষক’ সিসিকের অনুদান ১০ হাজার: চেক ফেরত দিল প্রকাশক পরিষদ

সিলেটের সকাল রিপোর্ট ::
আগস্ট ২৩, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ছয় লাখ টাকা ব্যয়ে আয়োজিত ‘সিলেট বইমেলা ২০২৬’-এর জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে দেওয়া ১০ হাজার টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে প্রকাশক পরিষদ সিলেট।

গত ২০ জুন ২০২৬ তারিখে সিসিকের প্রশাসকের কাছে পাঠানো এক দাপ্তরিক চিঠির মাধ্যমে সংগঠনটি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়। সিটি কর্পোরেশনের কার্যালয়ে চিঠিটি গ্রহণ করে প্রাপ্তিস্বীকার করা হয়েছে।

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজু ও সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ থেকে ১৬ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘সিলেট বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। বইমেলায় শিশু-কিশোরসহ অংশগ্রহণকারী নবীন ও প্রবীণ শিল্পীদের উৎসাহিত করতে বই উপহার দেওয়া হয়। সব মিলিয়ে মেলার আয়োজন ব্যয় দাঁড়ায় প্রায় ছয় লাখ টাকা।

চিঠিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনকে সার্বিক পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হলেও পরবর্তীতে অনুদান হিসেবে মাত্র ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়, যা আয়োজকদের কাছে হতাশাজনক বলে মনে হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠিতে বলা হয়, “ছয় লক্ষ টাকা ব্যয় করে আয়োজিত বইমেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে দশ হাজার টাকা অনুদান, যা কখনই কাম্য ছিল না। শিল্প-সংস্কৃতির পথ সুগম করতে স্থানীয় প্রশাসনের এমন কৃপণতা সত্যিই লজ্জাজনক।”

প্রকাশক পরিষদ আরও জানায়, তাদের সদস্যরা নিয়মিত সিটি কর্পোরেশনের বিধি অনুযায়ী অগ্রিম আয়কর পরিশোধ করে ট্রেড লাইসেন্সধারী ব্যবসা পরিচালনা করেন। তাই নীতিগত অবস্থান থেকে এত সামান্য অনুদান গ্রহণ না করে চেকটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাপ্তরিক চিঠির অনুলিপি শিল্প, বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী, রেজাউল হাসান কয়েস লোদী এবং এমদাদ হোসেন চৌধুরীর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।