সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। তিনি আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সৈয়দ জগলুল পাশাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট-সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে।
এ ছাড়া, ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ডিবি।
ডিবি জানিয়েছে, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
