বুধবার , ২২ জুলাই ২০২৬, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৫
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় দেওয়া হবে আনসার, সিলেটে জেলা প্রশাসকের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ২২, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রবাসীদের বাসা-বাড়ি ও সম্পদের সুরক্ষায় এবার আনসার সদস্য নিয়োগের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা চাইলে তাদের বাসা-বাড়ি পাহারার জন্য আনসার সদস্য নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২৩ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন ও একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

জেলা প্রশাসক বলেন, “বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রবাসীদের জমি ও বাসাবাড়ির নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে এবং হয়রানি বন্ধে আনসার সদস্য নিয়োগের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী বিদেশে অবস্থান করায় তাদের বাসাবাড়ি প্রায়শই ফাঁকা থাকে। দীর্ঘ দিন ধরে এসব সম্পদ বেদখল হওয়া বা সুরক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন প্রবাসীরা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তাদের মাঝে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রবাসীদের নিরাপত্তায় পরবর্তীতে প্রয়োজনীয় আনসার সদস্য বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কের উন্নয়ন কাজ পর্যালোচনা:

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট-ঢাকা মহাসড়কের কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসক বলেন, মহাসড়কের সংস্কার ও সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। অধিকাংশ জায়গায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ও সাদিপুর ইউনিয়নের কিছু অংশের জমি অধিগ্রহণের কাজ চলছে। প্রকৃত জমির মালিকরা আবেদন সাপেক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ পাবেন।

দিনভর বিভিন্ন কর্মসূচি পরিদর্শন:

উল্লেখ্য, গত ১৩ জুলাই সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার পর বুধবারে ওসমানীনগরে বেশ কিছু সরকারি কর্মসূচি ও অফিসে যান আবদুল্লাহ আল মামুন। সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের পর প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সহায়তামূলক উপকরণ এবং ‘এ্যাসিসটিভ ডিভাইস’ বিতরণ করেন তিনি।

পরবর্তীতে উপজেলা ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং স্থানীয় এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন জেলা প্রশাসক। সফরকালে তিনি সরকারি কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনসেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।