মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সমতা ও জবাবদিহিতার ভিত্তিতে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন হবে: মুফতি আবুল হাসান এমপি

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ২১, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, ‘কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার উন্নয়ন ধাপে ধাপে এবং সমতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সরকারি বরাদ্দ বণ্টন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।’

আজ সোমবার বিকেলে কানাইঘাট উপজেলার আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার আয়োজনে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সংসদ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত জিবান আহমদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের পারিবারিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং জরাজীর্ণ বসতঘরের বিষয়টি দেখে পরিবারটির জন্য দ্রুত একটি আধাপাকা বসতঘর নির্মাণেরও আশ্বাস দেন।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের পক্ষ থেকে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর প্রত্যেক পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার জিবান আহমেদ (৩৫), নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭),জুবায়ের আহমেদ (২৮) এবং আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮)।

গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পরে ৩০ জুন তাদের মরদেহ দেশে এনে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। সেদিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাশ গ্রহণ করে তাদের জানাজার নামাজে ইমামতি করেন সাংসদ মুফতি মোহাম্মদ আবুল হাসান।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি আবুল হাসান আরো বলেন,’সরকারিভাবে নিহত প্রবাসীদের পরিবারকে বড় ধরনের সহায়তা দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তবে কিছু দাপ্তরিক জটিলতার কারণে সেই সহায়তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই মানবিক দায়িত্ববোধ থেকে খেলাফত মজলিস দলীয় উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।’

তিনি বলেন,’প্রবাসীরা বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন। কিন্তু তাদের লাশ হয়ে ফিরে আসতে হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক। এই পরিবারগুলোর কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।’

এমপি আরও বলেন,’নিহতদের এতিম সন্তানদের শিক্ষা যেন বন্ধ না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বই,খাতা,কলম, যাতায়াত ব্যয় ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করতে দলীয়ভাবে এবং প্রবাসীদের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হবে।’

তিনি স্থানীয় বিত্তবানদেরও এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং তাদের সার্বিক সহযোগিতা তদারকির জন্য একটি কমিটি গঠনের কথাও জানান।

নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,’নির্বাচিত হওয়ার পর গত পাঁচ মাসে পূর্বের অবশিষ্ট সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ইউনিয়নে বণ্টন করা হয়েছে। কানাইঘাট-বুরহানউদ্দিন সড়ক ও শেওলা-জকিগঞ্জ সড়কের মেগা প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী আগস্ট মাসে মাঠপর্যায়ে কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনরোধ এবং বিভিন্ন ইউনিয়নের সড়ক ও অবকাঠামো উন্নয়নেও কাজ প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন,’উন্নয়ন কাজে কোনো অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।’

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমীমুল ইহসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সেক্রেটারি আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর।

অনুষ্ঠানে আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহ সেক্রেটারি মুখতার আহমদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর বিলাল আহমদ, বানীগ্রাম ইউনিয়ন আমীর মাওলানা সুলাইমান আহমদ, যুব মজলিসের জেলা সহসভাপতি খাইরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ মিসবাহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহত পাঁচ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।