সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রুস্তম আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আস্তমা গ্রামের নজিব আলী (৭০) ও আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আস্তমা পয়েন্টে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে রাত ১০টার দিকে নজিব আলীর বাড়ির পাশের একটি মোবাইল টাওয়ারের সামনে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত রুস্তম আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জড়িত সন্দেহে আস্তমা গ্রামের নজিব আলী (৭০), একই গ্রামের এক শিশু এবং ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের জুয়েল মিয়া (৩৭)কে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এজাহার পাওয়ার পর নিয়মিত মামলা দায়ের করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
