সিলেটের ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে প্রথমবারের মতো জেলা প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে গণনা করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা। মাজার প্রাঙ্গণে স্থাপন করা ৩টি ডেগ ও ১টি দানবাক্স খুলে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এছাড়া টাকার পাশাপাশি ৭ আনা সোনা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও মিলেছে।
সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২২ জুন) বেলা আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে এই নজিরবিহীন প্রকাশ্যে গণনা কার্যক্রম চলে। ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া জানান, “তিনটি ডেগ ও একটি বাক্স গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে টাকার সঙ্গে ৭ আনা সোনাসহ রিয়াল, ডলার ও পাউন্ডের মতো বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে স্বর্ণের চেইন, আংটিসহ ছোট ছোট স্বর্ণের টুকরো রয়েছে।”
প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের টাকা গণনার এই ঐতিহাসিক উদ্যোগকে ঘিরে মাজার এলাকায় উৎসুক জনতার ঢল নামে। টাকা গণনার সময় সাধারণ মানুষ মিছিল করতে শুরু করেন এবং সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের প্রশংসা ও স্লোগান দিতে থাকেন।
নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। পুলিশ ও আনসার সদস্যদের পুরো সময় সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে টাকা গণনার সময় মাজার কর্তৃপক্ষের মূল কেউ না থাকলেও, তাদের পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে দানের তিনটি ঐতিহাসিক ডেগ ও নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময় আগের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।
বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণার একদিন পরই সোমবার সদ্য বিদায়ী ডিসি সারওয়ার আলমের উদ্যোগে এই প্রকাশ্যে টাকা গণনার কাজ সম্পন্ন হয়। টাকা গণনার সময় মাজার প্রাঙ্গণে তিনি উপস্থিত থাকলেও, গণনার শেষ মুহূর্তে গণমাধ্যমের সাথে কোনো কথা না বলেই তিনি মাজার এলাকা ত্যাগ করেন।
টাকা গণনা শেষে ওয়াকফ্ কর্মকর্তা সজল মিয়া বলেন, “মাজারে জমা পড়া দানের পুরো টাকা সোনালী ব্যাংকে ‘শাহজালাল (রহ.) মাজার’ নামীয় অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। পরবর্তীতে এই টাকা কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।”
